
জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) এবং তার বড় ভাই মৃত উজ্জ্বল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক সাইম (২২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কাজল ও আকাশ। রাত ২টার দিকে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় নৈশপ্রহরী নুর ইসলাম। তিনি জানান, ঘটনাস্থলেই আকাশ মারা যান। কাজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’