
ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাশে পড়ে থাকা এক নারীর নিথর দেহ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তিনি রাজধানীর এক আওয়ামী লীগ নেত্রী।
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভিন মিনু (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী এলাকায় দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকা মহানগরের শাহজাহানপুর এলাকার শান্তিবাগ বাজার সংলগ্ন এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ভাঙ্গা উপজেলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে যায়।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে উল্লেখ করে ওসি বলেন, রহস্য উদঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।