
পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জ উপজেলায় কেন্দ্র দখল, ভোট জালিয়াতি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী কেন্দ্রে বিএনপি সমর্থিত এজেন্টরা জোরপূর্বক কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারার মহড়া চালাচ্ছেন। তাদের দাবি, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর ডা. ওহাব মিনারের ‘ঈগল’ প্রতীকের বৈধ এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈগল প্রতীকের এজেন্টদের ওপর হামলার পাশাপাশি জামায়াত নেতা শহীদুল ইসলাম আলমাসকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কেন্দ্রের ভেতরে একতরফাভাবে সিল মারা হচ্ছে বলেও দাবি করা হয়।
এবি পার্টির নেতারা অবিলম্বে ভিকাখালী কেন্দ্রসহ মির্জাগঞ্জের দখলকৃত কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, কেন্দ্র পুনরুদ্ধার, হামলাকারীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।
তবে এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।