
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা মালামালের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
২৯ আগস্ট ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে মৃত্যু
এর আগে গত ৩০ আগস্ট শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ ঘটনায় মামলা করা হয়।
মামলার এক দিন আগে, ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
জানা গেছে, বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন শিক্ষিকা রনজিনা।
পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্তে নেমে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।