
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে একের পর এক স্কুল ও কলেজছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি নামে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত দুই মাসে অন্তত ১৩ জন তরুণী তার টার্গেটে পড়ে এমন ভয়াবহ ঘটনার শিকার হয়েছেন, যাদের সবাই মিরপুর এলাকার বাসিন্দা এবং বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
এক সংবাদ সম্মেলনে বুধবার (১৫ এপ্রিল) ডিএমপির ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানান, রাব্বি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নারী পরিচয়ে একাধিক অ্যাকাউন্ট চালাতেন।
তিনি প্রথমে ভুক্তভোগীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন, পরে উপহার দেওয়ার নাম করে তাদের নির্জন নির্মাণাধীন ভবনে ডেকে নিতেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা এবং সেই দৃশ্য গোপনে ধারণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের নিয়মিত শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়ে বাধ্য করা হতো। এভাবে দীর্ঘদিন ধরে তিনি ভয় ও আতঙ্কের মধ্যে একাধিক তরুণীর জীবন অতিষ্ট করে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও জানা যায়, গত কয়েক দিনের বিভিন্ন ঘটনায়ও একই কৌশলে ভিন্ন ভিন্ন ভুক্তভোগীকে ডেকে নিয়ে নির্যাতন ও লুটপাট করা হয়। এক ঘটনায় পোশাক ডেলিভারির কথা বলে ডেকে নিয়ে ভুক্তভোগীকে নির্মাণাধীন ভবনে আটকে ধর্ষণ ও মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে কয়েকজন ভুক্তভোগীর মোবাইল ফোন জব্দ করা হয়। তদন্তে উঠে এসেছে, ফেসবুকের ভুয়া পরিচয়, নারী কণ্ঠ ব্যবহার এবং নানামুখী প্রতারণার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এই অপরাধ চালিয়ে আসছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।