
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী ছয়জন এডিসি এবং তিনজন এসিকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডেমরা জোনের এডিসি মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন পদোন্নতি পেয়ে রমনা জোনের এডিসি হয়েছেন। খিলগাঁও বিভাগের এসি মু. আল আমিন সরকার পদোন্নতির মাধ্যমে উত্তরা জোনের এডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। একইভাবে সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।
অন্য এক আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। মিরপুরের এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন (ট্রাফিক)-এ এবং মোহাম্মদপুর জোন (ট্রাফিক)-এর এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।