.jpg)
বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থীভিত্তিক স্টার্টআপ ও সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা 'ইএফ হাল্ট প্রাইজ'-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার।
হাল্ট প্রাইজ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া নিশ্চিতকরণ চিঠিতে ২০২৬–২৭ সালের জন্য কুবির স্বেচ্ছাসেবী ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত করার কথা জানানো হয়েছে।
হাল্ট প্রাইজ তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ও টেকসই উদ্যোগে রূপ দেওয়ার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সামনে রেখে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ব্যবসায়িক সমাধান উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিশ্বের ১৩০টিরও বেশি দেশের ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম চলছে। প্রতি বছর ২ লাখের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। বৈশ্বিক পর্যায়ে বিজয়ী দল পায় ১০ লাখ মার্কিন ডলারের অর্থায়ন, যা দিয়ে তারা নিজেদের ধারণাকে বড় পরিসরে টেকসই সামাজিক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ পায়।
চিঠি অনুযায়ী, ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে তিনি কুবিতে হাল্ট প্রাইজের অফিশিয়াল প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবকদের নিয়ে আয়োজক কমিটি গঠন, শিক্ষার্থী উদ্যোক্তাদের নিয়োগ দিয়ে বিশেষজ্ঞ ও মেন্টরদের সঙ্গে যুক্ত করা এবং ডেমো ডে, নেটওয়ার্কিং ইভেন্ট ও স্থানীয় পিচ প্রতিযোগিতার আয়োজন করা দায়িত্বের অংশ। ক্যাম্পাস পর্যায়ের বিজয়ীরা সরাসরি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বা সমমানের অনলাইন রিভিউ রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তাহমিদ তাজওয়ার বলেন, "আমার কাছে হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন ও চিন্তাকে বাস্তব রূপ দেওয়ার একটি সুযোগ। ২০২৬–২৭ মেয়াদে আমাদের চেষ্টা থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা, ভালো ধারণাগুলো সামনে আনা এবং এমন উদ্যোগ গড়ে তুলতে সহায়তা করা, যা শুধু প্রতিযোগিতায় নয়, বাস্তব জীবনেও মানুষের উপকারে আসবে।"
কুবি ক্যাম্পাসে হাল্ট প্রাইজের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও সামাজিক উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের 'চেঞ্জমেকার' তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।