
কুষ্টিয়াগামী চলন্ত বাসে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে বাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থী হৃদয়ের নাক, কানের নিচে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। অন্যদিকে আইসিটি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হাতেও আঘাত লাগে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার উদ্দেশে বাসটি ছাড়ার পর থেকেই ওপরের তলায় আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষার্থী উচ্চস্বরে কথা বলছিলেন ও গল্প করছিলেন। এতে হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থী বিরক্ত ও অস্বস্তি বোধ করেন।
বাস থেকে নামার সময় বিষয়টি আইসিটি বিভাগের শিক্ষার্থীদের জানান হৃদয়ের বন্ধু বাংলা বিভাগের শিক্ষার্থী বাপ্পি ও অন্যরা। তারা এভাবে উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। একপর্যায়ে তারা আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সেশন জানতে চান এবং বাসে চিৎকার-চেঁচামেচি না করার কথা বলেন।
এ সময় উভয় পক্ষের শিক্ষার্থীরা পরস্পরের সেশন জানতে চাইলে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তর্কাতর্কি একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে গড়ায়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে দুই বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। পরবর্তীতে তাদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’