
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করতে একাধিক উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে স্মোকিং জোন তৈরি, নতুন সিসি ক্যামেরা ও স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি সুখবর জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব উদ্যোগের কথা জানান এবি জুবায়ের। সেখানে তিনি শিক্ষার্থীদের জন্য ফার্মেসি ও সাইকেল গ্যারেজ নির্মাণের কাজ শিগগির শুরু হওয়ার কথাও উল্লেখ করেন।
স্মোকিং জোন তৈরির বিষয়ে জানতে চাইলে এবি জুবায়ের জানান, ‘এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত রূপরেখা স্টেট অফিসের সাথে বসে ঠিক করবো।’
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বহুল প্রত্যাশিত ঔষধের ফার্মেসি এবং সাইকেল গ্যারেজ নির্মাণের কাজ আগামী দু'সপ্তাহের মধ্যেই আশা করা যায় শুরু হয়ে যাবে। সব গুছিয়ে এনেছি। নিরাপদ ক্যাম্পাসের জন্য আমার করা প্রপোজালগুলোর মধ্যেও কয়েকটা বাস্তবায়ন হবে।’
ক্যাম্পাসকে নিরাপদ রাখা এবং বহিরাগতদের নিয়ন্ত্রণের উদ্যোগ প্রসঙ্গে জুবায়ের জানান, ‘ক্যাম্পাস পুলিশ প্রজেক্ট ইতোমধ্যেই স্টেট অফিসের রেজুলেশনে অন্তর্ভুক্ত হয়েছে। বাকিগুলোও চেষ্টা করছি। কিছু নতুন সিসি ক্যামেরা এবং স্ট্রিট লাইট বসানো হবে। কিছু স্মোকিং জোন তৈরি করার আশ্বাস দিয়েছেন ভিসি স্যার। আর্থ এন্ড এনভায়রনমেন্ট অনুষদ (২১ তলা ভবনের) ক্যান্টিন এবং মোতাহের হোসেনের ক্যানটিনের কাজ দ্রুত শেষ হবে।’
জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ফার্মেসি ও সাইকেল গ্যারেজ নির্মাণের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে ক্যাম্পাস পুলিশ প্রকল্প, সিসি ক্যামেরা ও স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া আর্থ এন্ড এনভায়রনমেন্ট অনুষদের ২১ তলা ভবনের ক্যান্টিন এবং মোতাহের হোসেনের ক্যান্টিনের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডাকসুর এই সম্পাদক।