
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
আজ শনিবার (২৩ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকেই সারা দেশে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ২১ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে বর্ধিত সেই মূল্য আবারও কমিয়ে আগের অবস্থানে ফিরিয়ে আনা হলো।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের দামের সাথে সংগতি রেখে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার এবং কমানো হয়েছে ৩২ বার।