
মুন্সীগঞ্জে আধুনিক কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় কসাইখানাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব।
মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে পশু জবাই, স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কসাইখানাটিতে প্রাণী গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত নিয়মে জবাই এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রস্তুতের প্রক্রিয়া অনুসরণ করা হবে।