রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্যকে কেন্দ্র করে নিজের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মুহাম্মদ রাশেদ খান।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার একটি ওয়াজ মাহফিলের বক্তব্য তাকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
রোববার (২৪ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খান। সেখানে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের মাধ্যমে তাকে ‘হত্যাযোগ্য’ করে তোলার পরিবেশ তৈরি করা হয়েছে।
রাশেদ খানের দাবি অনুযায়ী, এর আগেও আমির হামজা এক ধর্মীয় সমাবেশে মন্তব্য করেছিলেন যে তার চৌদ্দগোষ্ঠী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে বাধা দিলে সে যেই দলেরই হোক না কেন, সে জাহান্নামে যাবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ময়দানে দেওয়া বক্তব্য তিনি রাজনৈতিকভাবেই গ্রহণ করতেন, কিন্তু ধর্মীয় মঞ্চ ব্যবহার করে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া উদ্বেগজনক এবং এটি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।
রাশেদ খান অভিযোগ করেন, টকশোতে আমির হামজার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার কারণে তিনি ক্ষুব্ধ হতে পারেন। এর ফলে তার সমর্থকদের একটি অংশ তার বিরুদ্ধে মব তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, যদি তার কোনো ধরনের ক্ষতি হয়, তার সম্পূর্ণ দায়ভার আমির হামজাকে নিতে হবে।
এ বিষয়ে এখন পর্যন্ত আমির হামজার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।