
দেশের ডাক সেবাকে আরও আধুনিক ও গতিশীল করতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ বা ‘পোস্ট পিকআপ পয়েন্ট’ স্থাপনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে দেশে বর্তমানে ৪টি মোবাইল অপারেটরের অধীনে সচল ও বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮২ লাখে।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে পৃথক দুটি প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এর জন্য উপযুক্ত স্থান নির্বাচনের কাজও শুরু হয়েছে।
তিনি আরও জানান, দেশের ই-কমার্স ও এফ-কমার্স খাতকে বড় পরিসরে সহায়তা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ‘ফুলফিলমেন্ট সেন্টার’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
ডাক সেবার আধুনিকায়ন নিয়ে মন্ত্রী বলেন, জনসাধারণের সুবিধার্থে বর্তমানে ভূমির ডকুমেন্টস, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম সফলভাবে চলছে। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে ই-কমার্স পণ্যের ‘ক্যাশ অন ডেলিভারি’ সেবা চালুর বিষয়টিও এখন প্রক্রিয়াধীন।
এছাড়া ডিএমএস (Domestic Mail Monitoring System) সফটওয়্যারের মাধ্যমে পণ্যের অনলাইন ভিত্তিক রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা চালু করা হয়েছে। ডিএমপির ট্রাফিক কার্যক্রমের আওতাধীন ভিডিও মামলা ও ট্রাফিক নোটিশও এখন ডাকযোগে প্রাপকের ঠিকানায় পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবচেয়ে কম খরচে মৌসুমি ফল পরিবহনের কাজও করছে পোস্ট অফিস।
এদিকে মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের মোবাইল গ্রাহকদের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশে সক্রিয় ও বৈধ মোবাইল অপারেটর কোম্পানির সংখ্যা ৪টি (টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক)। এই ৪টি অপারেটরের অধীনে দেশজুড়ে মোট বৈধ রেজিস্ট্রার্ড বা নিবন্ধিত সিমের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮২ লাখে।