
ময়মনসিংহের ত্রিশালে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই খনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় তাঁর সাথে সেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় শত শত সাধারণ মানুষ ও কৃষক খাল খনন কাজে অংশ নেন।
এর আগে, সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে কবির ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে। আগামী সোমবার (২৫ মে) জাতীয় কবির মূল জন্মবার্ষিকী হলেও আসন্ন ঈদুল আজহার ছুটির বিষয়টি বিবেচনা করে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আনুষ্ঠানিকভাবে এই নজরুলজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী 'নজরুল মঞ্চে' প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীকে বরণ করতে এরই মধ্যে ত্রিশালের নজরুল মঞ্চ ও আশপাশের এলাকা নান্দনিক সাজসজ্জা এবং বর্ণিল আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন, কবি, সাহিত্যিক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানস্থল ও পুরো উপজেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, খাল খনন ও নজরুলজয়ন্তীর অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির এক বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।