
গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘর্ষের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার পরিকল্পনা হামাসের এখনো সময় দাবি করছে। শুক্রবার (৩ অক্টোবর) এই তথ্য এএফপিকে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একজন কর্মকর্তা।
হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই প্রস্তাব ঘোষণা করেন। প্রস্তাবটি ইতিমধ্যেই হামাসের কাছে পৌঁছে গেছে।
পরিকল্পনায় উল্লেখ রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণের জন্য কার্যক্রম নেওয়া, ৭২ ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি এবং ধীরে ধীরে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। এর পর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে হামাস কর্মকর্তা বলেন, “হামাস এখনো ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে, কিছু সময়ের প্রয়োজন।”
গত মঙ্গলবার ট্রাম্প হামাসকে পরিকল্পনা গ্রহণের জন্য তিন বা চার দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। এই প্রস্তাবকে আরব দেশগুলো এবং পশ্চিমা বিশ্বের শক্তিগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার এক বিবৃতিতে জানান, “পরিকল্পনায় কিছু উদ্বেগের বিষয় রয়েছে, শিগগিরই আমরা আমাদের অবস্থান প্রকাশ করব।”
এদিকে, আজও গাজা অঞ্চলে ইসরায়েলি বিমান ও কামানের হামলা চলছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন।