
টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশবোঝাইয়ের কাজ চলছিল। এ সময় বড়চওনা দিক থেকে আসা দ্রুতগতির মুরগিবোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাঁশবোঝাই ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।