
নিজের সন্তানকে মাদ্রাসায় রেখে আসতে যাওয়ার পথে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পাবনার বাসিন্দা আলী হোসেন (৫৩)। ছেলের সামনেই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ছেলেকে মাদ্রাসায় রেখে আসার উদ্দেশ্যে সেখানে যান আলী হোসেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে গুলি করে। সন্তানের সামনেই গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নিহত আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।