
কুষ্টিয়ায় সরকারি গাড়ি ও প্রশাসনের লোকজন নিয়ে গরুর হাটে যাওয়াকে কেন্দ্র করে সমালোচনায় পড়েছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। ব্যক্তিগত কাজে সরকারি সুবিধা ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে তাকে দেখা যায়। সঙ্গে ছিলেন উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী, আনসার সদস্য এবং সরকারি গাড়ির চালক। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও আলোচনা তৈরি হয়।
সরেজমিনে দেখা যায়, ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং বিক্রেতাদের সঙ্গে দরদাম করছিলেন। একপর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে চলে যান।
ইউএনওর সরকারি গাড়ির চালক তরিকুল ইসলাম বলেন, ইউএনও গরু কিনতেই হাটে এসেছিলেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ দাবি করেন, ‘শহরে এসে হঠাৎ গরুর হাটে ঘুরতে এসেছি।’
সরকারি দায়িত্বে ব্যবহারের জন্য নির্ধারিত গাড়ি ও প্রশাসনিক জনবল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে।